শিবপুরে মাটি খুঁড়ে বের করা হলো পাঁচশতাধিক গুলি

নরসিংদীর শিবপুর বাজারের পাশে চক্রধা ইউনিয়ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পাঁচ শতাধিক থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি মাটি খুঁড়ে পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে এসব গুলি তোলা হয়। ধারণা করা হচ্ছে, একাত্তরে যুদ্ধের সময় মাটিতে পুঁতে রাখা হয়েছিল গুলিগুলো। 
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্কুলের দেয়াল নির্মাণ করার জন্য মাঠের পাশে অবস্থিত ঈদগাহের মিম্বর ভাঙার সময় নির্মাণ শ্রমিকরা গর্ত করতে যান। এ সময় মাটির সঙ্গে গুলি উঠে আসে। শ্রমিকরা ভয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। বিষয়টি অবহিত করলে স্থানীয় লোকজন শিবপুর মডেল থানায় খবর দেয়। সংবাদ পেয়ে শিবপুর মডেল থানার এস আই আফতাব উদ্দিন শ্রমিকদের দিয়ে পুনরায় গর্ত করে গুলি উদ্বার করে থানায় নিয়ে যান।
 
মুক্তিযোদ্ধাদের ধারণা, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা নিরাপদ আশ্রয় মনে করে মাটির নিচে এ সব পুঁতে রাখেন।
 
এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো সংরক্ষণ করা হবে, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই