জয়পুরহাটে বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ যুবক আটক

জয়পুরহাটের খনজনপুর এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
 
পুলিশ সূত্র জানায়, খনজনপুর পূর্ব পাড়ার রুস্তম আলীর ছেলে মিলন হোসেন (২১) একই এলাকার হাবু কামারের মোড় নামক স্থানে মঙ্গলবার রাত সোয়া ১২টার সময় অস্ত্রসহ অবস্থান করছে গোপনে এমন সংবাদ পেয়ে ডিবি ও জয়পুরহাট থানা পুলিশ যৌথভাবে অভিযানে নামে। এ সময় হাতেনাতে আটক মিলন হোসেনের শরীরে তল্লাশী চালিয়ে পুলিশ জাপানের তৈরি ৭ দশমিক ৬৫ এম এম একটি পিস্তল ও সঙ্গে থাকা ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। মিলন হোসেন কিভাবে অস্ত্র পেল এবং আর কারো সম্পৃক্ততা আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।
 
এ ব্যপারে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায় সাংবাদিকদের অস্ত্র উদ্ধারের বিষয়টি অবহিত করেন। এ ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। 
 
এ সময় সহকারি পুলিশ সুপার একরামুল হক সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) শাহরিয়ার খান, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিমসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু