পঞ্চগড়ের তেতুলিয়ায় পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের কালিয়ামনি এলাকায় পুকুরে পড়ে সোনামনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। সোনামনি দেবনগর ইউনিয়নের কোনপাড়া এলাকার হামিদুল ইসলামের কন্যা। সোনামনি মাগুরমারি চৌরাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ওয়ানের শিক্ষার্থী। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনামনির মা হালিমা বেগম কালিয়ামনি এলাকায় রোপা আমন লাগানোর কাজ করছিল। সেখানে থাকা অবস্থায় সোনামনি পাশেই একটি পুকুরে খেলতে যায়। খেলার এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায়। কাজ শেষে তার মা তাকে খোঁজাখুঁজি করে। 
 
খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজনদের সহায়তায় পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মহসিনুল হক পুকুরে পড়ে ৭ বছরের এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। 
 
ইত্তেফাক/নূহু