নিকলীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের নিকলীতে অস্ত্র আইনের মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ. সাত্তারকে (৪০) গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ। বুধবার রাত  সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুরুই ইউনিয়নের দৌলতপুর-হিলচিয়া আগে থেকে পুলিশ ওঁৎ পেতে ছিল। আ. সাত্তারকে দৌলতপুর নিজ বাড়ি থেকে হিলচিয়া বাজারে যাওয়ার পথে পুলিশ গ্রেফতার করে।তিনি গুরুই ইউনিয়নের দৌলতপুর গ্রামের আসলাম আলী মেম্বারের ছেলে।  
 
নিকলী থানার ওসি মো. নাছির উদ্দিন ভূইয়া ইত্তেফাককে জানান, নিকলী থানার ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ এ -এফ ধারায় ২০১২ সালে মামলা হয়। ওই মামলায় আ. সাত্তারকে ২০১৬ সালে  ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন কিশোরগঞ্জ জেলা দায়রা বিশেষ ট্রাইবুন্যাল আদালত। রায় হওয়ার পর থেকে আসামি আ. সাত্তার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 
 
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে