খুলনায় শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

খুলনায় নির্মাণাধীন শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে সাংস্কৃতিক কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমির নির্মাণাধীন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  
 
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, শিল্পকলা একাডেমির যে ভবন নির্মাণ করা হচ্ছে তাতে খুবই নিম্নমাণের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তাই কাজ সম্পন্ন হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ভবনটি। অবিলম্বে এ কাজ বন্ধ রেখে সঠিকভাবে তা সম্পন্ন করার জন্য একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা। এ ছাড়া তদারকি কমিটির নিরবতা ও কাজে অবহেলার জন্য নতুন করে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারা একটি কমিটি গঠন করারও দাবি জানান তারা।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোখলেছুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, মল্লিক আবিদ হোসেন কবির, নিয়ামুল হোসেন কচি, মো. শরিফুল ইসলাম খান, এনামুল হক বাচ্চু, উৎপল কর্মকার, হায়দার আলী, অসিম কুমার, নাসির জবেদ প্রমুখ।
 
উল্লেখ্য, খুলনা মহানগরীর শেরে বাংলা রোডের পুরাতন নার্সিং ইন্সটিটিউটের জায়গায় শিল্পকলা একাডেমির আধুনিক ও দৃষ্টিনন্দন কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নেয় সরকার। ২০১৬ সালের ১০ জুন ঠিকাদারী প্রতিষ্ঠান বিসিটিএই ইলোরা জেভি, বেনেজীর কনস্ট্রাকশন ও আজাদ কনস্ট্রাকশন যৌথভাবে শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ পায়। শেরে বাংলা রোডে ৮১ শতক জমির ওপর দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের কাজ শুরু হয়। ১২ কোটি ৭ লাখ ৪০ হাজার ২১৯ টাকা ব্যয় ধরে এ নির্মাণ কাজ শুরু হয়। চারতলা কমপ্লেক্স নির্মাণে মোট ব্যয় হবে ৩০ কোটি টাকা। চুক্তি অনুযায়ী ১৮ মাস সময়ের মধ্যে ২০১৭ সালের ডিসেম্বরে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ করতে পারেনি তারা। উপরন্তু নির্মাণ কাজ শেষের আগেই ছাঁদ চুইয়ে পানি পড়ছে। 
 
ইত্তেফাক/এমআই