বৃহস্পতিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামে দুই জমজ সহোদর আহাদ ও সামাদের (আড়াই বছরের শিশু) পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। তারা ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, তাদের অজান্তে শিশু দুটি খেলার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পুকুরে অতিরিক্ত পানি থাকায় তারা ডুবে মারা যায়। ওই দিন দুপুরের দিকে পানিতে লাশ ভাসে ওঠে। পরে পরিবারের সদস্যরা দুই জমজ ভাইয়ের লাশ উদ্ধার করে। এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপর দিকে বুধবার বিকালে উপজেলার করমজা ও বোয়াইলমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মারা গেছেন।
করমজা গ্রামে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিপুল (৩০) নামে এক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। সে বেড়া উপজেলার খাস আমিনপুর গ্রামের বেলাল মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে কাশিনাথপুরের হাজী আসলাম ঠিকাদারের বিপুল নামে এক শ্রমিক পুন্ডুরিয়া বিশ্বরোড সংলগ্ন একটি বিদ্যুতের পোলে লাইন সংস্কার কাজ করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়।
অন্য দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামে জিসান (১০) নামে এক স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সে ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও আতাইকুলা কলেজিয়েট কেজি স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র।
বুধবার দুপুর ২টার দিকে জিসান নিজ বাড়িতে বৈদ্যুতিক তারে শক লেগে জ্ঞান হাারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু