বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফিরছিলো এক ধর্ষক। পথে তাকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। ওই ধর্ষকের নাম মনোয়ার হোসেন (২৪)। সে দেওয়ানগঞ্জ উপজেলার দফরপাড়ার রবিউল ইসলামের ছেলে। শনিবার রাতে বরযাত্রী বহর থেকে সারমারার টালিয়াপাড়া নামক স্থানে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, ১৪ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে মনোয়ার হোসেন ধর্ষণ করে। ঘটনা ফাঁস হয়ে গেলে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়। কিন্তু কোন সমাধান হয়নি।
অপর দিকে সালিশে নানারকম টালবাহনা করে সারমারার টালিয়াপাড়া গ্রামে ধর্ষক মনোয়ার হোসেনের বিবাহ ঠিক হয়। শনিবার রাতে সারমারার টালিয়াপাড়া গ্রামে বিয়ে করতে যায় মনোয়ার হোসেন। সেখানে এক নাবালিকার সঙ্গে বিয়ে হয় ধর্ষক মনোয়ার হোসেনের। ঘটনার খবর পেয়ে ২০ এপ্রিল ধর্ষনের শিকার মেয়েটির বড় ভাই বকশীগঞ্জ থানায় মনোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
নতুন বউ নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে বকশীগঞ্জ থানার পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে বরযাত্রী বহর থেকে ধর্ষক মনোয়ার হোসেনকে গ্রেফতার করে। ওই সময় ধর্ষক মনোয়ার হোসেনের নতুন স্ত্রী ও অন্য বর যাত্রীরা পালিয়ে যায়।
আরও পড়ুনঃ টরন্টোতে অনুষ্ঠিত হলো ৫ম বাংলাদেশ ফেস্টিভ্যাল
বকশীগঞ্জ থানার ওসি এ.কে.এম. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মনোয়ার হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু