মুলাদীতে প্রবাসীর মাকে পুড়িয়ে হত্যার চেষ্টা

বরিশালের মুলাদীতে পূর্ব শত্রুতার জের ধরে এক প্রবাসীর মাকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ২০এপ্রিল গভীর রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের প্রবাসী আলমগীর সিকদারের মা রিজিয়া বেগমকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় আলমগীর সিকদারের ২টি গরু, গোয়াল ঘর, দুটি খড়ের গাঁদা পুড়ে যায়।

আলমগীর সিকদারের স্ত্রী কনা বেগম জানান, মৃত জয়নাল সরদারের পুত্র মোঃ মফসের সরদারের নেতৃত্বে ১২/১৩জন দুস্কৃতকারী এ আগুন দিয়েছে।

তিনি জানান, বাড়ির জায়গা জমি নিয়ে তাদের সঙ্গে পাশের বাড়ির মফসের সিকদারের বিরোধ চলে আসছিলো। জমি নিয়ে মফসের সরদার আদালতে মামলা দায়ের করে ব্যর্থ হয়। তারপর কনা বেগম ও তার পরিবারকে বিভিন্ন হুমকি দিতে থাকে। মফসের সরদারের হুমকিতে কনা বেগম তার ছেলে নিয়ে চরসাহেবরামপুর এলাকায় বসবাস করেন।

২০ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে মফসের সরদার লোকজন নিয়ে আলমগীর সিকদারের বসতঘর সংলগ্ন গোয়ালঘর ও খড়ের গাঁদায় অগ্নিসংযোগ করে। ওই সময় আলমগীর সিকদারের মা রিজিয়া বেগম সেহরী খাওয়ার জন্য অজু করার উদ্দেশ্যে বাইরে বের হয়ে আগুন দেখে চিৎকার শুরু করেন। এসময় তিনি মফসের সরদার ও তার লোকজনদের দৌড়ে পালিয়ে যেতে দেখতে পান বলে দাবি করেন।

পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও আলমগীর সিকদারের গোয়াল ঘর, ২টি গরু, ২টি খড়ের গাঁদা ও লাকরীর ঘর পুড়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী কনা বেগম বাদী হয়ে ২১এপ্রিল দুপুরে মফসের সরদার, তার পুত্র সেন্টু সরদার, ভাই হান্নান সরদার, আলাউদ্দীন সরদার, ভাইপো ইলিয়াস সরদার, শাওন সরদারসহ ১৩জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ মহেশপুরে পল্লী চিকিৎসক ধর্ষণ করলো ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে

মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান মামলার তদন্ত এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু