কেউ নদীর জায়গা দখল করে ঘর করার চেষ্ঠা করবেন না: চিফ হুইপ লিটন চৌধুরী

জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘কেউ নদীর জায়গা দখল করে বাড়িঘর করার চেষ্ঠা করবেন না। ঢাকার নদীর পাশে যদি ৬ তালা বাড়ি ভাঙ্গতে পারে তাহলে শিবচরে নদীর পাশে দশ তালা বাড়ি হলেও ভাঙ্গা যাবে।’

২১ এপ্রিল রবিবার দুপুর ২টায় মাদারীপুরের শিবচর উপজেলার ইলিয়াছ আহম্মেদ চৌধুরী মিলনায়তনে ঈদপূর্ব ইলিয়াছ আহমেদ চৌধুরী (কাঁঠালবাড়ী) ফেরিঘাটের ব্যবস্থাপনা বিষয়ে আলোচনাসভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, ‘শুধু বি আর এস রেকর্ড দেখলে হবে না, পুরানো রেকর্ডও দেখতে হবে। যারা নদী দখল করে বাড়িঘর তুলেছেন তাদের হাত থেকে নদীকে দখলমুক্ত করে এই নদীকে পুরানো ধারায় নিয়ে যাবো ইনশাল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গত ১০ বছরে নৌ-পরিবহনখাতে যে কাজ হয়েছে তার আগের ৩৮ বছরেও সেই কাজ হয়নি। বঙ্গবন্ধু যা শুরু করেছিলেন সেখানেই ছিল নৌ-খাত। শেখ হাসিনা এটাকে আন্তর্জাতিক মানে নিয়ে গেছেন। আপনারা জানলে খুশি হবেন ভারতের চেয়েও এ খাতে আমাদের সক্ষমতা বেশি ‘

তিনি বলেন, ‘শিবচর উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে নূর-ই-আলম চৌধুরী লিটনের উন্নয়নের চিত্র দেখে সত্যিই আমি অভিভূত। সব জায়গায় সু-পরিকল্পনার ছাপ। অসংখ্য ভাস্কর্য, মুক্তমঞ্চসহ অসংখ্য পরিকল্পিত উন্নয়ন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশে কোন নেতার পক্ষেই শিবচরের মতো উন্নয়ন করা সম্ভব না।’

ময়নাকাটা নদীর ড্রেজিং কার্যক্রমের কাজ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে খালিদ। তিনি এই কাজের সঙ্গে যেসব ঠিকাদার জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্মকর্তাকে নির্দেশ দেন।

এর আগে সকালে শিবচরের দত্তপাড়ায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পিতা সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। দুপুর ১টায় শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে শেখ হাসিনা সেতু শুভ উদ্বোধন করেন। 

আরও পড়ুনঃ মুলাদীতে প্রবাসীর মাকে পুড়িয়ে হত্যার চেষ্টা

এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদ, অতিরিক্ত সচিব ভোলানাথ দে, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমডোর এম মাহবুল উল ইসলাম, সদস্য (অর্থ) নুরুল আলম, জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, মাদারীপুর সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, শিবচর পৌরসভার সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধার মোসলেমউদ্দিন খান, শিবচর পৌরসভার প্যানেল মেয়র ও বরহামগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি কাদের খান মিলুসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ ও জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু