লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক তরুণীকে গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। নৃশংস এ হত্যার শিকার তরুণীর নাম শাহিনুর। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী গ্রামের জাফর আলমের মেয়ে।
জানা গেছে, স্ত্রী স্বীকৃতির দাবি করায় তার শরীরে আগুন দিয়েছে তার স্বামী সালাহ উদ্দিন। রবিবার বিকেল ৪টার দিকে কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ৪নম্বর ওর্য়াডের আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সালাহ উদ্দিন চর ফলকন গ্রামের মহর আলীর ছেলে। তার বাড়ি নদীতে ভেঙে যাওয়ায় আইযুবনগর এলাকায় ঘর জামাই থাকে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সে পেশায় একজন রিকশা চালক।
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য হাফিজ উল্লাহ ও গ্রাম পুলিশ আবু তাহের ওই তরুণীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। শাহিনুর আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, শাহিনুরের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ দিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুজ্জামান।
পরে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের হেফাজতে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ ওই তরুণী সাংবাদিকদের বলেন, ‘মোবাইলে তার সঙ্গে সালাহ উদ্দিনের পরিচয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় সালাহ উদ্দিন প্রথম স্ত্রী সন্তানের কথা গোপন রাখে। বিষয়টি জানতে পেরে আমি চট্টগ্রাম থেকে কমলনগরে এসে স্ত্রীর স্বীকৃতি চাইলে সালাহ উদ্দিন কেরোসিন তেল দিয়ে আমার শরীরে আগুন ধরিয়ে দেয়।’
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ‘দগ্ধ তরুণীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’
আরও পড়ুনঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কাতরাচ্ছে ধর্ষণের শিকার ২ স্কুলছাত্রী
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘দগ্ধ ওই নারীকে পুলিশের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়েছিল। যুবতীর অগ্নিদগ্ধের কারণ ও অভিযুক্ত সালাহ উদ্দিনকে খুঁজছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
ইত্তেফাক/নূহু