ঝিনাইদহে রোগীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে অসুস্থ শিশুকন্যাকে চিকিৎসা দেওয়ার নামে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে সেজিয়া বাজারের নাজ ফার্মেসিতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে ওই শিক্ষার্থী। ধর্ষক সাইফুল ইসলাম নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের খোদাবন্দী পাড়ার নুর মোহাম্মাদের ছেলে।

শিশুটির মা জানান, মেয়েটি কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় পল্লী চিকিসক সাইফুলের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু সুস্থ না হওয়ায় সাইফুলের পরামর্শে তার বাবা রবিবার সকালে শিশুটিকে উপজেলার সেজিয়া বাজারের নাজ ফার্মেসিতে পাঠান। এ সময় সাইফুল ইসলাম তার শরীরে ইনজেকশন পুশ করে এবং একটি ট্যাবলেট খেতে দেয়। এতে শিশুটি জ্ঞান হারালে সাইফুল তাকে ধর্ষণ করে।

পরে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুনঃ স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীর গায়ে আগুন দিয়ে হত্যা

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু