আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে খান আলী আকবর (৫৫) নামের এক ব্যক্তি। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গত রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওই শিশু (৮) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। আলী আকবর শিশুটির পাশের বাড়ির বাসিন্দা। উচ্ছৃঙ্খল স্বভাবের আলী আকবর এলাকায় দিনমজুরের (নারকেল গাছ পরিষ্কার) কাজ করে।
রবিবার বিকেলে ওই শিশু তার বসতঘরের সামনের উঠানে খেলা করছিল। পারিবারিক প্রয়োজনে শিশুটির পিতামাতা বাড়ির বাইরে ছিলেন। এ সময় ওই ব্যক্তি কৌশলে শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা আলী আকবরকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
শিশুটির পিতা মো. সালাউদ্দিন অভিযোগ করে বলেন, ‘ওই ব্যাক্তি (আলী আকবর) খারাপ প্রকৃতির লোক হিসেবে এলাকায় পরিচিত। সে এর আগেও একাধিক নারী ও শিশুর শ্লীলতাহানির চেষ্টা করেছে। এ ব্যাপারে এলাকায় একাধিক সালিস-বৈঠকে তাকে সতর্ক করে দেওয়া হয়। এরপরও আলী আকবর খারাপ পথ থেকে সরেনি। এখনকার ঘটনাটিতে তাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করবো।’
অভিযোগের ব্যাপারে আলী আকবর বলে, তার বড় ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আর এমন কাজ করবে না।
আরও পড়ুনঃ গৃহবধূর হত্যাকারী স্বামী-শাশুড়ির ফাঁসির দাবিতে বিক্ষোভ শৈলকুপায়
মতলব দক্ষিণ থানার ওসি এ কে এম এস ইকবাল বলেন, ‘ঘটনাটির তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবেও চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু