রংপুরের কাউনিয়ার বিড়ি শিল্প নগরী হারাগছে স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতির কাগজে স্বাক্ষর না দেওয়ায় স্ত্রী গোলাপী বেগমকে (২৮) শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী নাদের আলী নেন্দুর (৪০) পালাতক রয়েছে।
রবিবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার বিড়ি শিল্প নগরী হারাগাছের চরচতুরা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজিফুজ্জামান বসুনিয়া রাজিব জানান, প্রায় ১২ বছর আগে গোলাপী বেগমের সঙ্গে চরচতুরা গ্রামের নাদের আলী ওরফে নেন্দুর (৪০) বিয়ে হয়। নাদের আলী দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি চেয়ে গোলাপীর কাছে স্বাক্ষর চেয়ে আসছিলো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদও হয় বলে প্রতিবেশিরা জানায়।
রবিবার বিকেলে আবারও স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি চেয়ে কাগজে স্বাক্ষর চাইলে-স্ত্রী গোলাপী অসম্মতি জানায়। এতে স্বামী নাদের আলী ক্ষিপ্ত হয়ে গোলাপীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোলাপীর মরদেহ উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করে। তবে তদন্তের স্বার্থে আটক দুজনের নাম প্রকাশ করেননি পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
আরও পড়ুনঃ তারাগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ বলেন, গোলাপী বেগমের গলায় দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু