সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র জাহিদ হাসান। পড়াশোনায় মনোযোগী এই ছেলেটি বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে বরাবরই ভালো ফল করেছে। কিন্তু মাস ছয়েক আগে তার দুরারোগ্য রোগ ধরা পড়ে, যে রোগে আক্রান্ত হয়ে সে হারাতে বসেছে চলাচলের শক্তি। স্কুলে বন্ধুরা যখন মাঠে খেলায় ব্যস্ত, জাহিদ তখন বারান্দায় হুইল চেয়ারে বসে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। চিকিৎসার জন্য বেশ কয়েকবার চিকিৎসকের শরণাপন্ন হলেও একপর্যায়ে তার বাবা-মা জানতে পারেন, ছেলেকে পুরোপুরি সুস্থ করতে হলে প্রয়োজন বিশ লাখ টাকা, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
বিষয়টি জানতে পেরে জাহিদের সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুকে সাহায্যের জন্য আবেদন জানায়। দ্রুতই শহরের সবার নজর কাড়ে বিষয়টি। জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হবার পর তিনিও সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে, চলতে থাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ। জেলা প্রশাসকের নির্দেশে সব উপজেলার নির্বাহী কর্মকর্তারাও অর্থ সংগ্রহ করে পাঠান।
আজ মঙ্গলবার জাহিদের মায়ের হাতে সাড়ে পাঁচ লাখ টাকা সহায়তার চেক তুলে দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা শেষে সব সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে জাহিদের জন্য সাড়ে পাঁচ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে, আশা করছি এই টাকায় ভারতে উন্নত চিকিৎসা শুরু করে তা চালিয়ে নেওয়া সম্ভব হবে। বাকি অর্থ যোগাতে জনপ্রতিনিধি, অন্যান্য দপ্তরের কর্মকর্তারাসহ সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান বলেন, জেলা প্রশাসক মহোদয় জাহিদের অসুস্থতার বিষয়টি জানার পর থেকে নিয়মিত খোঁজখবর নিয়েছেন। মানবিকতার অন্যান্য দৃষ্টান্ত দেখিয়ে নিজ উদ্যোগে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করেছেন তিনি। সবাই সহযোগিতা করলে আমাদের এই ছাত্রটি আবার পুরোপুরি সুস্থ হয়ে তার স্কুল আঙ্গিনায় ফিরবে।
আরও পড়ুন: ১ মে থেকে তিন মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণ ও পরিবহন নিষিদ্ধ
জাহিদ বলে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ডিসি স্যারসহ আপনাদের কাছে ঋণী। দোয়া করবেন যেন আমি সুস্থ হতে পারি।
প্রসঙ্গত, সুনামগঞ্জ সদরের মাইজবাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদ হোসেন ট্র্যান্সভার্স মেভলিটিস স্পাইনাল স্প্রেড নামক জটিল রোগে আক্রান্ত। এতে ধীরে ধীরে তার হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। অনেকটা পঙ্গুত্বের মত করেই দিন কাটছে মেধাবী এই শিক্ষার্থীর। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা সংগ্রহে জেলা প্রশাসন একটি ব্যাংক একাউন্ট চালু করেছে। সোনালী ব্যাংক লিমিটেডের সুনামগঞ্জ শাখায় 'জাহিদ সহায়তা তহবিল' নামের একাউন্টটির নম্বর ৫৯১০৫০১০২৯০২৬।
ইত্তেফাক/কেকে