মানবাধিকার প্রতিষ্ঠানে অবৈধ গুপ্তচরবৃত্তি চালিয়েছে যুক্তরাজ্যের তিন গোয়েন্দা সংস্থা

গোপনীয়তার অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার প্রতিষ্ঠান প্রাইভেসি ইন্টারন্যাশনালে অবৈধভাবে গুপ্তচরবৃত্তি চালিয়েছে যুক্তরাজ্যের তিন গোয়েন্দা সংস্থা। সংস্থাগুলো হচ্ছে এমআই৫, এমআই৬ এবং জিসিএইচকিউ। মঙ্গলবার এক আদালত জানিয়েছে, অবৈধ গুপ্তচরবৃত্তি চালিয়ে সংস্থাগুলো আইন লঙ্ঘন করেছে।
 
ইনভেস্টিগরি পাওয়ার্স  ট্রাইব্যুনাল জানিয়েছে, ‘বাল্ক কমিউনিকেশন ডাটা’ ও ‘বাল্ক পার্সোনাল ডাটাসেটস’ নামের দু’টি ব্যাপক নজরদারি কর্মসূচির অধীনে প্রাইভেসি ইন্টারন্যাশনালের তথ্যে গুপ্তচরবৃত্তি চালিয়েছিল সংস্থাগুলো। 
 
প্রাইভেসি ইন্টারন্যাশনালের সাধারণ কাউন্সেল ক্যারোলাইন উইলসন পালোও বলেন, আমরা জানিনা এমআই৫ কেন প্রাইভেসি ইন্টারন্যাশনালের তথ্য পর্যালোচনা করে দেখেছে। তবে তারা যে দেখেছে এই ঘটনাটিই আমাদের মনে কিছু গুরুত্বর প্রশ্নের জন্ম দেওয়া উচিত। 
 
প্রাইভেসি ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থাগুলোর উভয় কর্মসূচিকে ইনভেস্টিগরি পাওয়ার্স ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করেছে। উল্লেখ্য, ইনভেস্টিগরি পাওয়ার্স ট্রাইব্যুনাল হচ্ছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কাজ করার জন্য গঠিত বিশেষ আদালত।   
 
এই সপ্তাহের সোমবার প্রাইভেসি ইন্টারন্যাশনাল থেকে নেওয়া তথ্য ডিলিট করে দিয়েছে এমআই৫। এর একদিন পরই প্রাইভেসি ইন্টারন্যাশনালকে গুপ্তচরবৃত্তির বিষয়ে অবহিত করেছে আদালত। 
 
এই গুপ্তচরবৃত্তির ঘটনার জেরে গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের কাছে একটি চিঠি পাঠিয়েছে প্রাইভেসি ইন্টারন্যাশনাল। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর