হাটহাজারীর গুমানমর্দ্দনে গৃহবধূ সুলতানা পারভিন মনিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণ। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের দুই পাশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা এ সময় সুষ্ঠু বিচার দাবি করেন। এ সময় শেখ মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস শুক্কুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, গত শুক্রবার ১৯ এপ্রিল সরকারহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রশাসনের পক্ষ থেকে মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাংগীর মানববন্ধনস্থলে গিয়ে আশ্বাস দিয়েছিলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার করা হবে। কিন্তু আশ্বাস দেয়ার চারদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এ ঘটনায় মামলা নেয়নি পুলিশ। তারা প্রশাসনকে অবিলম্বে এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য বিবি ফাতেমা শিল্পী, হাটহাজারী পৌরসভার মহিলা কাউন্সিলর নুরজাহান কাসেম, আবুল হোসেন, আবছার আলী, নাছির উদ্দীন রুবেল, ছাত্রলীগ নেতা রুবেল, তোবারক আলী, মুরাদ মো. আব্দুর রহিম, বাবু জিংকু বড়ুয়া, জালাল উদ্দীন, জসীম উদ্দীন, রবিউল হোসেন সম্রাট, সাহাবউদ্দীন, নুরুল আবছার আয়ুব, এজহার উদ্দীন ইমনসহ আরো অনেকে।
মানববন্ধন ও সমাবেশ শেষে সবাই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হাতে স্মারক লিপি তুলে দেন। এ সময় ইউএনও এ ঘটনার ব্যাপারে সব রকমের সহায়তার আশ্বাস প্রদান করেন। স্মারকলিপি গ্রহন শেষে সংক্ষপ্তি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন বলেন, ‘আইনের দরোজা সকলের জন্য সবসময় খোলা রয়েছে। যদি নিকটস্ত থানায় আপনাদের মামলা গ্রহন না করে তবে আপনারা পুলিশ কমিশনার, সিআইডি, পিবিআই এ অভিযোগ দিতে পারেন এবং কোর্টে মামলা দায়ের করতে পারবেন ‘
তিনি গ্রহণ করা স্মারকলিপি চট্টগ্রাম পুলিশ কমিশনার বরাবরে পাঠিয়ে দিবেন বলেও উপস্থিত সকলকে জানান।
নিহতের ভাই রাশেদ বলেন, ‘একটি মহল আমার বোনের হত্যাকাণ্ডকে আত্মহত্যা সাজানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা টাকার বিনিময়ে এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আরও পড়ুনঃ শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা: মাস্টারমাইন্ডসহ আটজনের ছবি প্রকাশ
উল্লেখ্য, উপজেলাধীন ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নে ওয়াশীল তালুকদার বাড়ীর প্রবাসী খোরশেদুল আলমের স্ত্রী ও ২ সন্তানের জননী সুলতানা পারভিন মনির মৃতদেহ তার শাশুরবাড়ির ভবনের ৩য় তলায় ফ্যানের রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো, ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ।
ইত্তেফাক/নূহু