স্ক্রিপাল হত্যাচেষ্টাকারী ‘গোয়েন্দাকে’ রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছিলেন পুতিন

যুক্তরাজ্যের সলিসবারিতে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষ প্রয়োগের ঘটনায় এক অভিযুক্তকে ‘রাশিয়া হিরো’ উপাধিতে ভূষিত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অভিযুক্তকে প্রাথমিকভাবে বেসামরিক দাবি করেন পুতিন। যুক্তরাজ্য-ভিত্তিক অনুসন্ধানী ওয়েবসাইট বেলিনক্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে এই অভিযুক্ত আদতে গোয়েন্দা কর্মী। 
 
চলতি বছরের মার্চ মাসে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। ঘটনায় দুই ব্যক্তি জড়িত রয়েছে বলে ধারণা করা হয়। এর মধ্যে যুক্তরাজ্যের তদন্তকারীরা এক সন্দেহভাজনের পরিচয় সনাক্ত করেছে রুসলান বশিরভ নামে। তার পরিচয় প্রকাশের পর পুতিন দাবি করেছিলেন, বশিরভ একজন বেসামরিক। রাশিয়ান টিভিতে প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, বশিরভ সলিসবারিতে একজন পর্যটক হিসেবে ঘুরতে গিয়েছিলেন। 
 
কিন্তু সম্প্রতি বেলিনক্যাট জানিয়েছে, বশিরভ আদতে একজন গোয়েন্দা কর্মী। তার আসল নাম কর্নেল অ্যানাটোলি চেপিগা। তিনি চেচনিয়া ও ইউক্রেইনে সামরিক কর্মী হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে তাকে ‘হিরো অফ রাশিয়ান ফেডারেশন’ উপাধিতে ভূষিত করা হয়। 
 
এদিকে, এই প্রতিবেদন নিয়ে এখনো কোন মন্তব্য করেননি ব্রিটিশ কর্মকর্তারা। তবে বিবিসি জানিয়েছে, এই অভিযুক্তের সনাক্তকৃত পরিচয় নিয়ে কোন দ্বিমত নেই। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্রী মারিয়া জাখারোভা,  বেলিনক্যাটের দাবি প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, এর পেছনে কোন প্রমাণ নেই। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর