টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারী দিলু নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দিল মোহাম্মদ ওরফে দিলু নামে এক চিহ্নিত মাদক কারবারী নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার মহেশখালীয়া পাড়াস্থ হ্যাচাঁরী জোন এলাকায় এ ঘটনা ঘটে।  

 

বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। দিলু উপজেলার গোদার বিলের মৃত মকবুল আহমদ ওরফে পুতুর ছেলে। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন : ভারতের নির্বাচনে অদ্ভুত যত প্রতিশ্রুতি

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ  জানান, বুধবার ভোরে  টেকনাফ থানা পুলিশের একটি দল আটক ইয়াবা কারবারী ও হত্যাসহ একাধিক মামলার আসামি দিলুকে নিয়ে মহেশখালীয়া পাড়াস্থ হ্যাচাঁরী জোন এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে যায়। এ সময় দিলুকে ছিনিয়ে নেওয়ার জন্য তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসআই বাবুল, এএসআই সজীব দত্ত এবং কনস্টেবল ইব্রাহীম আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলিবর্ষণ করে। এক পর্যায়ে দিলুর সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দিলুকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরো  জানান,  ঘটনাস্থল থেকে ৬টি দেশীয় তৈরি বন্দুক, ১৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি