টেকনাফে ‌‌‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে ডাকাত আটক অভিযানে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হলেও ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, কার্তুজ, ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বুধবার সকাল পৌনে ১১টার দিকে টেকনাফ মডেল থানার এসআই সুজিত দে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে লেঙ্গুরবিল পাহাড়ে ডাকাত আটক অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসআই সুজিত দে, কনস্টেবল রুমান, মেহেদী আহত হয়। এই ঘটনার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। তখন ডাকাত সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ৪ টিএলজি, ৯ রাউন্ড কার্তুজ ও ৩ হাজার ইয়াবাসহ লেঙ্গুরবিলের মৃত বদিউজ্জামানের ছেলে তালিকাভুক্ত ডাকাত মোস্তাক আহমেদকে (৩৮) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। আহত পুলিশ ও গুলিবিদ্ধ ডাকাতকে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উক্ত ডাকাতকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ, পাহাড়ে ডাকাত আটক অভিযানে গোলাগুলি, অস্ত্র, কার্তুজ, ইয়াবাসহ গুলিবিদ্ধ ডাকাত উদ্ধার এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সত্যতা স্বীকার করেন। তিনি আরও জানান, মৃতদেহ মর্গে পাঠিয়ে এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষ মামলার প্রক্রিয়া চলছে। 

ইত্তেফাক/কেকে