স্ত্রী হত্যা মামলার স্বামী গ্রেফতার

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মো. নাদের হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে বগুড়া জেলার সাড়িয়াকান্দি থানাধীন ফুলবাড়ি নামক স্থানের একটি মুরগি খামার থেকে গ্রেফতার করে রংপুরে আনা হয়।

মামলার বিবরণী থেকে জানা গেছে, রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন হারাগাছ চর চতুরা (চারমাথা) এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে মো. নাদের হোসেন (৩৫) এর সাথে কাউনিয়া থানাধীন নাজিরদহ কুটিরঘাট গ্রামের মো. ওয়াহেদ আলীর মেয়ে মোছা. রিক্তা বেগম (১৯) এর সাথে দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে মো. নাদের হোসেন প্রেমিকা মোছা. রিক্তা বেগমকে বিয়ে করে। দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলার সম্মতি প্রদানের জন্য প্রথম স্ত্রী মোছা. গোলাপী খাতুনকে চাপ প্রয়োগ করতে থাকে।

গোলাপী খাতুন কিছুতেই স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি প্রদানে রাজী না হলে প্রেমিকা মোছা. রিক্তা বেগম (১৯) এর পরামর্শে মো. নাদের হোসেন (৩৫) তার স্ত্রী গোলাপী খাতুনকে হত্যার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা মোতাবেক মো. নাদের হোসেন তার কথিত প্রেমিকা রিক্তা বেগম এর সহায়তায় গত রবিবার তার স্ত্রী গোলাপী খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।

আরো পড়ুন: দুদক আসছে, তালা ঝুলিয়ে পালালেন স্টোর কিপার

এ ঘটনায় নিহত গোলাপী খাতুনের ভাই বাদী হয়ে হারাগাছ থানায় একটি হত্যা মামলা (নং ১৮, তারিখ ২১/০৪/২০১৯ ইং, ধারা- ৩০২/২০৯ দ.বি.) দায়ের করেন। পরে হারাগাছ থানা পুলিশ মো. নাদের হোসেন প্রেমিকা মোছা. রিক্তা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হলেও মো. নাদের হোসেন কৌশলে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে চলে। অবশেষে র‌্যাবের আভিযানিক দল মঙ্গলবার রাতে বগুড়া জেলার সাড়িয়াকান্দির ফুলবাড়ির একটি মুরগি খামার থেকে নাদের হোসেনকে গ্রেফতার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে নাদের হোসেন।

ইত্তেফাক/বিএএফ