এসিসিএ ও শিখো’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) ও দেশের শীর্ষ এডটেক (এডুকেশনাল টেকনোলজি) অর্গানাইজেশন শিখো এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ৩০ জানুয়ারি এ স্মারক স্বাক্ষরিত হয়।

এ স্মারক অনুযায়ী, এসিসিএ ও শিখো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অ্যাকাউন্ট্যান্টসি ও ফাইন্যান্স বিষয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা লাভের সুযোগ তৈরি করবে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ারে সাফল্য আনতে একযোগে বিভিন্ন ট্রেনিং ও ডেভেলপমেন্টের উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও আছে দুই পক্ষের।

তিন বছরের চুক্তিটি প্রতিষ্ঠান দুটির মধ্যে বৈশ্বিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে, যেন শিখো এবং এসিসিএ-র মাধ্যমে অ্যাকাউন্ট্যান্ট এবং ট্যাক্স প্রফেশনালরা নিজেদের ক্যারিয়ারে নতুন মাত্রা সংযোজন করতে পারেন।

এসিসিএ বাংলাদেশের হেড অব এডুকেশন ও মেম্বার অ্যাফেয়ার্স প্রমা তাপসী খান এফসিসিএ বলেন, ‘দেশের প্রথম ডিজিটাল-ফার্স্ট এডটেক প্রতিষ্ঠান শিখোর সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। আশা করছি, একইসঙ্গে দেশের শিক্ষার্থীদের মধ্যে ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং প্রফেশনাল হওয়ার সুযোগ ছড়িয়ে দিতে পারব।’

শিখোর হেড অব প্রফেশনাল লার্নিং ইয়ানুর ইসলাম পিয়াস বলেন, ‘শিখোর মিশন হলো দেশের শিক্ষার্থীদের এমনভাবে দক্ষ করে তোলা, যেন তারা তাদের একাডেমিক ও ক্যারিয়ারের লক্ষ্য পূরণ করতে পারে। এসিসিএ-র সঙ্গে মিলে তাদের বিশ্বব্যাপী স্বীকৃত অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স কোয়ালিফিকেশনের সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।’

অনুষ্ঠানে এসিসিএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন-সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (লার্নিং) শাহ্‌ ওয়ালিউল মনজুর, হেড অব মার্কেটিং আব্দুল্লাহ আল হাসান এবং শিখোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন-চিফ এক্সিকিউটিভ অফিসার শাহীর চৌধুরী ও চিফ অপারেটিং অফিসার জিশান জাকারিয়া।