রাজশাহীতে ‘মদপানে’ ২ ভাইয়ের মৃত্যু

রাজশাহীতে ‘অ্যালকোহল পানে’ চাচাতো দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তিরা নগরীর বোসপাড়া মকবুল হালদারের মোড়ের বাসিন্দা। সোমবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রজব আলীর (৬০) মৃত্যু হয়। এর আগে ওইদিন (রবিবার) সন্ধ্যায় জামাল শেখের (৫৫) মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম।

জানা গেছে, রজব আলী মৃত কাশেম আলী ছেলে ও জামাল শেখ টুলুর ছেলে। নিহত দু’জন সম্পর্কে চাচাতো ভাই। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকায় তাদের দু’জনের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের একটি সূত্র জানায়, তাদের ‘মিথানল পয়জনিং’ এ মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রজব আলীর বাড়িতে দু’জনে অ্যালকোহল পান করেন। এর কিছুক্ষণ পরে জামাল শেখ অসুস্থ হয়ে পড়েন। তার স্বজনরা জামালকে রামেক হাসপাতালে ভর্তি করে। তার কিছুক্ষণ পরে রজব আলীও অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। তাকেও রামেকের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

নিহদের ভাগ্নে রাজন জানায়, প্রথম জামাল এবং পরে রজব অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। আগের দিন সন্ধ্যায় জামাল এবং পরে রজব মারা যান।

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, শুনেছি পয়জনিং। মৃত্যুর বিষয়টি নিয়ে সন্দেহ থাকায় সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।