ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। বুকের এক্সরে করার প্রয়োজন পড়ছে এসব রোগীদের। স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে সুবিধা না থাকায় বাইরে থেকে উচ্চমূল্যে এক্সরে করাতে হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে খরচ। প্রায় এক যুগ ধরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে এমন অবস্থা।
জানা গেছে, বছর দুয়েক আগে একটি ডিজিটাল এক্সরে মেশিন সরবরাহ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান মতে, গত ডিসেম্বর থেকে গতকাল শনিবার পর্যন্ত ৮ হাজার ৩০০ জন রোগী শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগ নিয়ে এখানে চিকিৎসা নিয়েছেন। এসব রোগীদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলামের মতে, শ্বাসকষ্টজনিত এসব রোগীদের বুকের এক্সরে ছাড়া সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাছাড়া, সরকারি হাসপাতালে এক্সরে বন্ধ থাকায় হাড় ভাঙ্গাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা বাধ্য হয়ে উচ্চমূল্যেই বাইরে থেকে এক্সরে করাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি সংকটে বদলায়নি সেবার মান। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চলনবিলের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় উপজেলার ৩ লাখ মানুষ ছাড়াও আশপাশের সিংড়া, বড়াইগ্রাম, তাড়াশ ও চাটমোহর উপজেলার বহু মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল।
শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আব্দুর রাজ্জাক ও আলেয়া বেগম জানান, শ্বাসকষ্টের সঙ্গে তাদের পুরোনো কাশি রয়েছে। তিন দিন ধরে হাসপাতালে ভর্তি হলেও তারা সুস্থ হয়ে ওঠেননি। চিকিৎসকের পরামর্শে বেসরকারি হাসপাতাল থেকে চড়ামূল্যে এক্সরে করিয়ে জানতে পেরেছেন কাশিতে ইনফেকশান রয়েছে। দুর্ঘটনায় ডান পায়ে আঘাত নিয়ে হাতপাতালে ভর্তি আছেন শহিদুল ইসলাম।
তিনি জানান, রাজশাহী থেকে অপারেশনের পর পুরোপুরি সুস্থ হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। প্রায় সপ্তাহখানেক পর পর এক্সরে করাতে হচ্ছে। এখানে এক্সরে বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। অধিক খরচে বাইরে থেকে করাতে হচ্ছে এক্সরে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম ইত্তেফাককে বলেন, আধুনিক এক্সরে মেশিন না থাকায় ২০০৯ সাল থেকে ১৯ সাল পর্যন্ত এক্সরে সেবা বন্ধ ছিল। পরে ২০১৯ সালে একটি ডিজিটাল এক্সরে মেশিন দেওয়া হলেও টেকনিশিয়ান না থাকায়, সেটাও দুই বছর ধরে বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।