পাবনার চাটমোহরে এক শিক্ষার্থীকে একসঙ্গে তিন ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বেলা ১১টার দিকে চাটমোহর উপজেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ভুক্তভোগী শিক্ষার্থীর মা গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে বিষয়টি জানিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী মোছা. ইভা খাতুন (১৪) পার্শ্বডাঙ্গা ইউনিয়ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের ইজাহার আলীর মেয়ে।
ঐ শিক্ষার্থী ও তার পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স আরেকজনের সঙ্গে কথা বলতে বলতে ইভাকে পরপর তিন ডোজ ভ্যাকসিন দিয়ে দেন। ঐ শিক্ষার্থী কান্নাকাটি করলেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। নিরুপায় হয়ে সে বাড়ি ফিরে যায়। রাত থেকেই তার জ্বর শুরু হয়।
শিক্ষার্থীর মা আতিয়ারা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে পরপর তিন ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এতে আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি জানানোর জন্য মঙ্গলবার হাসপাতালে গেলে আমার কথা কেউ শোনেনি। পাওয়া যায়নি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে। হাসপাতালের লোকজন আমার সঙ্গে উলটো খারাপ আচরণ করেন। বর্তমানে মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। বুধবার তিনি যেতে বলেছেন।’
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ‘এমনটা হওয়ার কথা নয়। আমি আজ (মঙ্গলবার) কর্মস্থলে নেই। বুধবার ওনাকে (শিক্ষার্থীর মা) আসতে বলেছি। অভিযোগ নিয়ে তদন্ত করা হবে।’