হাতিয়ায় মেয়াদোত্তীর্ণ করোনার টিকা দেওয়ার অভিযোগ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৫:০৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী মেয়াদোত্তীর্ণ করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে টিকাগ্রহীতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বহু লোক টিকা দিতে এসে এ ঘটনা জানার পর চলে গেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাস্থ্যকর্মী। টিকাগ্রহীতা হাতিয়া পৌরসভার শূন্যেরচর গ্রামের আমেনা আক্তার এ ঘটনা শোনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তার স্বামী সাঈদ আহমেদ।

হাতিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেটের সাজ্জাদ হোসেন জানান, তিনি টিকা নিতে গিয়েছিলেন। ঘটনা জানার পর টিকা না নিয়ে ফিরে যান। টিকার শিশির গাঁয়ে মেয়াদের সময় লেখা রয়েছে ১১/২০২২ (নভেম্বর ২০২২)।

এ ব্যাপারে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শেখ মো. মাহমুদুর রহমান জানান, এটা ক্ষতি হবে কিনা জানি না, তবে সরকারিভাবে এই টিকা সরবরাহ করা হয়েছে। সেই মোতাবেক তা দেওয়া হচ্ছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ঔষধ প্রশাসনের অনুমোদনক্রমে এই টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোয়াখালী জেলার সব উপজেলায় এই টিকা সরবরাহ করা হয়েছে।

ইত্তেফাক/এসকে