নজরুল বিশ্ববিদ্যালয়ে সুন্দরবন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বর্ণাঢ্য র‍্যালী করেছে খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে জয়বাংলা ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিএসই বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. রাজু আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম।

র‍্যালীতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা সময়ের দাবি।  সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এটি এখন বিশ্ব ঐতিহ্য। বিশ্বের বুকে বাংলাদেশকে আলাদা করে চিহ্নিত করে সুন্দরবন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আগলে রেখেছে সুন্দরবন। অনেকটা মায়ের কোলে একটি শিশু যেমন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তেমনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক বিরাট এলাকা সুন্দরবনকে অবলম্বন করে নিরাপদ রয়েছে। অনেক প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুন্দরবন আমাদের রক্ষা করছে।