রেলওয়ের ওয়েবসাইটে বনলতা এক্সপ্রেসের সময়সূচি ও ভাড়াসহ কোন তথ্য নেই!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেছেন রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’। নির্ধারিত কাউন্টার ছাড়াও অনলাইনে পাওয়া যাচ্ছে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেসে’র টিকিট। তবে রেলওয়ের ওয়েবসাইটে এখনও ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি ও ভাড়াসহ কোনো তথ্যই সংযোজন করেনি কর্তৃপক্ষ। 

এ নিয়ে অনেকে ট্রেনটির প্রচার সম্পর্কে রেলওয়ে কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেন। বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে ট্রেনটি ৪ ঘন্টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছায় বলে এক যাত্রী স্থানীয় সাংবাদিকদের জানান।

এদিকে বৃহস্পতিবার রাত ৮টা থেকে রেলওয়ে স্টেশনের কাউন্টারে ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন ২৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও মূলত ২৭ এপ্রিল শনিবার থেকেই বাণিজ্যিক যাত্রা শুরু করছে ট্রেনটি।

রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, কেউ চাইলে ১০ দিন আগের যাত্রার টিকিট কাউন্টার বা অনলাইনে সংগ্রহ করতে পারবেন। তবে বনলতার টিকিট ক্রয়ের ক্ষেত্রেও লাগবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। যাদের এনআইডি নেই, তারা জন্ম নিবন্ধনপত্র দিয়েও টিকিট কিনতে পারবেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আমজাদ হোসেন জানান, প্রথম দিনেই টিকিটের জন্য কাউন্টারে মানুষের ভিড় ছিল উপচে পড়া। সবসময় স্বাভাবিক নিয়মেই বনলতার টিকিট পাওয়া যাবে। এ ক্ষেত্রে সকাল ৯টা থেকে বেলা ২টা এবং বিকেল ৪টা থেকে রাত ১০ পর্যন্ত রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন: ‘হাইকোর্টের বিচারপতি’ পরিচয় দানকারী রিকশাচালক আটক

তিনি আরও বলেন, রেল মন্ত্রণালয় নির্ধারিত শোভন চেয়ারের টিকিটের মূল্য ৫২৫ টাকা এবং এসি (স্নিগ্ধা) চেয়ারের টিকিটের মূল্য ৮৭৫ টাকা।

ইত্তেফাক/নূহু