ডিআইইউ-তে ভাষা উৎসব অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে (ডিআইইউ) গ্রীন রোড ক্যাম্পাসে 'ভাষা উৎসব-২০২২' অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ডিআইইউ'র কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব প্রতিবছরের ন্যায় এ ভাষা উৎসব-২০২২ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও শহীদদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের বাংলা ভাষা। ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সকলকে সচেষ্ট হতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক খন্দকার মহি উদ্দিন,  সহকারী অধ্যাপক  মাহবুবুর রহমান ও তাফসির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং  ক্লাবের সভাপতি রওনক বোরহান হিমেল ও সাধারণ সম্পাদক লুবানা আজাদ।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।  ভাষা উৎসব-২০২২  এ এবার ছিল দুটি ইভেন্ট। ভাষাবিদ কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সিএসই বিভাগের জায়েদ বিন হুদা এবং ২য় হয়েছেন রাজকুমার সরকার। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সিএসই এর মারজান এবং ২য় হয়েছেন ফার্মেসি বিভাগের সাইমন ইসলাম মারুফ। অনুষ্ঠানের শেষ ভাগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।