নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুজন, সম্পাদক তুহিন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শেখ সুজন আলী এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক মো. তুহিনুর রহমান।
 
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে রাত ৯ টায় ফলাফল জানান নির্বাচন কমিশনার কাজী সাহিদুজ্জামান।
 
গতবারের মত এবারও সশরীরে এবং অনলাইনে দুই উপায়ে ভোট দেয়ার সুযোগ ছিল। সভাপতি পদে অধ্যাপক ড. মো. শেখ সুজন আলী ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান পেয়েছেন ৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. তুহিনুর রহমান ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কল্যাণাংশু নাহা ৮০ ভোট পান।
 
এছাড়াও সহসভাপতি মো. আল্ জাবির (১১৩ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম. মাহমুদুল হক (১১৬), সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল হোসেন তোকদার (১১৭), কোষাধ্যক্ষ রিমন সরকার (১০৮), শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মো. কামাল উদ্দীন (১০৬), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ মিলন (১২৪), দপ্তর ও প্রচার সম্পাদক এ.কে.এম.মাসুদুল মান্নান (১৩২) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
 
সদস্য পদে নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, ফারজানা খানম, মো. নাহিদুল ইসলাম, ড. সুশান্ত কুমার সরকার, সাজন সাহা এবং সোয়াইব মাহমুদ। উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২১০ জন, যাদের একজন বাদে বাকি সবাই ভোট দিয়েছেন।