গাইবান্ধার সাঘাটায় মসজিদের দানের টাকার হিসাব চাওয়ায় মসজিদ কমিটির সভাপতির হামলায় আব্দুল করিম মুন্সি (৬৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার বাদ জুম্মা উপজেলার পদুমশহর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম মুন্সি উপজেলার ফকির পড়া গ্রামের মৃত তসলিম মুন্সির ছেলে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, জুম্মার নামাজ শেষে মো. সফি মিয়া ওই জামে মসজিদ কমিটির সভাপতি আনিছুর রহমানের কাছে থাকা মসজিদের নামে আদায় বিভিন্ন ফান্ডের টাকার বিবরণ জানতে চান। কিন্তু সভাপতি তা জানাতে তালবাহানা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সভাপতি আনিছুর রহমান ও তার দুই ভাই আব্দুল জলিল এবং শাহিন মিয়া মিলে সফি মিয়াকে মারতে শুরু করেন।
এ সময় হামিদুল ইসলাম নামে অপর এক মুসল্লি মারামারি থামানোর চেষ্টা করেন। পরে তার ওপর চড়াও হয় ওই সভাপতি ও তার দুই ভাই। অবস্থা বেগতিক দেখে হামিদুলের পিতা আব্দুল করিম মুন্সি ছেলে হামিদুলকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও বেদম প্রহার করেন সভাপতি ও তার দুই ভাই। এতে ঘটনাস্থলে মারা যান হামিদুলের পিতা আব্দুল করিম মুন্সি।
আরও পড়ুন: বগুড়ার শেরপুরে গোলাগুলিতে ২ চরমপন্থি নিহত
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোখলেছুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের ছেলে হামিদুল হক বাদী হয়ে ছয়জনকে আসামি করে শনিবার সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/অনি