বগুড়ার শেরপুরে গোলাগুলিতে ২ চরমপন্থি নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৬:৪৯

বগুড়ার শেরপুরে দুইদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) দুই সদস্য নিহত হয়েছেন। গত শুক্রবার (২৬এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্ন গোবিন্দপুর ব্রিজ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। 

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার পিস্তল, ৮রাউন্ড গুলি, দুইটি চাপাতি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির হাতে লেখা তিনটি পোস্টার উদ্ধার করে পুলিশ। 

গোলাগুলিতে নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের অর্জনী গ্রামের মো. লিটন (৩৬) ও একই জেলার তাড়াশ উপজেলার পাইকড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মো. আফছার আলী (৪৫)।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ইলিশ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা মানবেন না পাথরঘাটার মৎস্যজীবীরা

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, নিহতরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, গত ৮এপ্রিল সোমবার রাত পৌনে ১২টার দিকে শেরপুর উপজেলায় টহল পুলিশের ওপর সশস্ত্র চরমপন্থি দলের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া (৪২) ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। তবে তার ডান পা কেটে ফেলা হয়েছে। 

ইত্তেফাক/অনি