যশোরে শিশুকে যৌনপীড়ন, প্রতিবাদে বিক্ষোভ

যশোর শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে স্থানীয়রা যৌননিপীড়ক বাবুর গ্রেফতার দাবিতে বিক্ষোভ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বাবুর মা ফুলমতিকে থানায় নিয়ে যায়।

 

ওই শিশুর মা জানান, তারা ধর্মতলা রেললাইন এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে তার মেয়ে খেলা করছিল। ওই সময় বাড়িওয়ালার ভাগ্নে ইজিবাইক চালক বাবু (২০) তার মেয়েকে  চকলেট, কেক ইত্যাদি দেওয়ার কথা বলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর মুখ চেপে ধরে ধর্ষণ করার সময় মেয়েটি চিৎকার দিলে বাবু পালিয়ে যায়। বিষয়টি পরে তিনি স্থানীয়দের জানান।

 

এদিকে শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে স্থানীয় লোকজন ধর্মতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। তারা মিছিল থেকে বাবুকে গ্রেফতারের দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের আশ্বস্ত করে।

আরো পড়ুন : খাদ্য গুদাম কর্মকর্তার দুর্নীতি, দুদককে ব্যবস্থা নিতে নির্দেশ

কোতোয়ালি থানার এসআই তারেক নাহিয়ান বলেন, অভিযুক্ত বাবুর মা ফুলমতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

 

কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, বাবুকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। ধর্ষণচেষ্টাকারী বাবু ধর্মতলা রেললাইন এলাকার শহিদুল ইসলাম জুম্মানের ছেলে ও স্থানীয় বাসিন্দা হাবিবের ভাগ্নে।

 

ইত্তেফাক/ইউবি