পাকিস্তানে আশুরার মিছিলে বোমায় নিহত ৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেরা ইসমাইল খানে শহরে শিয়া সম্প্রদায়ের আশুরা শোভাযাত্রায় বোমা হামলায় ৭ জন নিহত হয়েছে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে। শহরটি আল কায়দার সঙ্গে জড়িত একটি উগ্রপন্থি সুনি্ন দলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। আশুরার মিছিলে এ ধরনের হামলা ঠেকাতে পাকিস্তান সরকার শনিবার ও আজ রোববার দেশটির প্রায় ৫০টি শহরে মোবাইল ফোনের সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, মোবাইল ফোনের সিম ব্যবহার করে ৯০ শতাংশ বোমা হামলা চালানো হয়েছে। এ কারণে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও তালেবানকে ঠেকানো যাবে না বলে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি। শিয়াদের ওপর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে দলটি। তবে তালেবান মুখপাত্র এহসান উল্লাহ এহসান বলেছেন, মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ রেখে তালেবানকে নিবৃত্ত করা যাবে না। আমার যে কোনো মূল্যে আমাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানব। খবর ডন নিউজ। পবিত্র আশুরায় নিরাপত্তা বিষয়ে সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পাক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আত্মঘাতী বোমা হামলাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জেনারেল কায়ানির সঙ্গে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট জারদারি।