বেনগাজি হামলা ভুল তথ্য দেয়ার কথা স্বীকার করলেন সুসান রাইস

লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার বিষয়ে ভুল তথ্য দেয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের জাতিসংঘ প্রতিনিধি সুসান রাইস। হিলারি ক্লিনটনের বিদায়ের পর রাইসের যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা আছে। বেনগাজি হামলা নিয়ে মঙ্গলবার রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে এক বৈঠকে তিনি এ স্বীকারোক্তি দেন। রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন, লিন্ডসে গ্রাহাম ও কেলি অ্যাওতির সঙ্গে রুদ্ধদ্বার ওই বৈঠকে সুসান রাইসের সঙ্গে সিআইএ’র ভারপ্রাপ্ত প্রধান মাইকেল মোরেলও ছিলেন। জনগণকে ভুল তথ্য দেয়ার অভিযোগে রাইসকে অভিযুক্ত করেছেন রিপাবলিকানরা, কিন্তু ওই অভিযোগ অস্বীকার করে রাইস বলেছেন, এতে জনগণকে ধোঁকা দেয়ার কোনো চেষ্টা ছিল না। কিন্তু তার প্রতিবাদ অগ্রাহ্য করেছেন রিপাবলিকান সিনেটররা। গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন মিশন ও সংলগ্ন সিআইএ’র দপ্তরে চালানো এক হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফর স্টিভেন্স ও অপর তিন মার্কিন নাগরিক নিহত হন।