আফগানিস্তানে বিয়েতে রাজি না হওয়ায় শিরশ্ছেদে কিশোরী হত্যা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:১৯
পরিবার বিয়ে দিতে সম্মত না হওয়ায় আফগানিস্তানে এক কিশোরীকে শিরশ্ছেদে হত্যা করেছে দুই ব্যক্তি। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, যে দুই ব্যক্তি ওই তরুণীকে হত্যা করেছে, তারা তাকে বিয়ে করতে চেয়েছিল।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
জানা গেছে, কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব জেলায় সোমবার ১৪ বছর বয়সী ওই কিশোরী নিকটবর্তী কুয়া থেকে পানি নিয়ে বাড়িতে ফিরছিল। এমন সময় সে হামলার শিকার হয়। পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, ওই লোকগুলো তাকে (কিশোরী) তাদের হাতে তুলে দিতে কিশোরীর পরিবারকে হয়রানি করছিল। কিন্তু ওই কিশোরী পরিবার যখন তাদের প্রস্তাবে অস্বীকৃতি জানায়, তখন তাকে হত্যা করা হয়।
আফগানিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও গোত্রের লোকজন জানিয়েছেন, ওই ব্যক্তিরা কিশোরীর নিকটাত্মীয়। ওই কিশোরীর বাবা এখনই তার মেয়েকে বিয়ে দিতে চাননি, কেননা বিয়ের জন্য যথেষ্ট বয়স তার হয়নি, বলেন ওই কর্মকর্তা। একই প্রদেশে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চলতি মাসের প্রথম দিকে চারজন পুলিশকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।