গোমা ছাড়তে শুরু করেছে কঙ্গোর বিদ্রোহীরা

গোমা থেকে চলে যেতে শুরু করেছে বিদ্রোহীরা। গত মঙ্গলবার উগান্ডায় এ সংক্রান্ত এক চুক্তির পর বুধবার থেকে এ এলাকা ছাড়তে থাকে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় বিদ্রোহীরা। বিদ্রোহী গ্রুপ এম২৩ এর এক মুখপাত্র জানিয়েছে, গোমা শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মুশেক এলাকা থেকে বিদ্রোহীদের প্রত্যাহারের প্রথম পর্ব শুরু হয়। এর আগে তারা পূর্ব আফ্রিকার আঞ্চলিক গ্রুপের সাথে বিদ্রোহীদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে। ঐ মুখপাত্র আরো জানায়, বৃহস্পতিবার সেক এবং শুক্রবার গোমা শহর থেকে বিদ্রোহীদের ফিরিয়ে আনা হবে। এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে দেশটির পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের চলতে থাকা সংঘাতের সমাপ্তি ঘটল। বিদ্রোহী ও সেনাবাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে।