সংবাদ কণিকা

রোবট ধ্বংস করবে মানবসভ্যতা! বৈজ্ঞানিক কল্পকাহিনী ও চলচ্চিত্রে হর-হামেশা দেখা যায়, স্বয়ংক্রিয় প্রযুক্তি মানব সভ্যতার জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ক্যামক্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সমপ্রতি মানুষের ক্ষতি করতে সক্ষম এমন কম্পিউটারের খোঁজে নামার এক পরিকল্পনা করছেন। সেন্টার ফর দ্য স্টাডি অব একজিসটেন্সিয়াল রিস্ক (সিএসইআর)-এর গবেষকেরা বায়োটেকনোলজি, কৃত্রিম জীবন, ন্যানো টেকনোলজি ও পরিবেশের পরিবর্তনের ফলে মানবসভ্যতার ধ্বংসের ঝুঁকি নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছেন। গবেষক হু প্রাইস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একথা নিশ্চিত করেই বলা যায় যে, আগামী শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা জীববিজ্ঞানের সীমা পার করবে। মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে যাবে কম্পিউটার, রোবট।—বিবিসি মঙ্গলে জনবসতি মঙ্গলগ্রহে কেউ বাড়ি বানাতে চান? তবে এখনই চটজলদি কিনে ফেলুন টিকিট। টিকিটের মূল্য খুব বেশি নয়, মাত্র ৫ লাখ ডলার। হ্যা, এই লালগ্রহে জনবসতি গড়তে আগামী দু’দশকে ৮০ হাজার মানুষকে পাঠানোর পরিকল্পনা করেছেন স্পেস এক্স-এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে বেসরকারিভাবে প্রথমবার সফল অভিযান চালান মাস্কই। তিনি জানান, এই পরিকল্পনা কঠিন হলেও অসম্ভব কিছু নয়। আমরা আশা করছি, এটি সফলভাবেই করতে পারবো। প্রথম অভিযানে ১০ জনকে পাঠানোর ইচ্ছা আছে আমাদের। এর জন্য পূর্ণাঙ্গ একটা পরিকল্পনাও তৈরি করা হয়েছে। সমপ্রতি লন্ডনে রয়েল অ্যারোনটিক্যাল সোসাইটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে সংগঠনটির পক্ষ থেকে স্বর্ণপদক প্রদান করা হয়—সিবিএস নিউজ যাত্রী মোটা হওয়ায়... যাত্রী অতিরিক্ত মোটা হওয়ার ‘অজুহাতে’ বিমানে তুলতে অস্বীকার করায় মামলার মুখে পড়েছে ইউরোপের দুই এয়ারলাইন্স ডেল্টা এবং কেএলএম। ভিলমা সোলতেজ নামে এক অসুস্থ নারী চিকিত্সার জন্য ইউরোপ থেকে নিজ মাতৃভূমি আমেরিকায় যেতে চেয়েছিলেন। কিন্তু অতিরিক্ত মোটা হওয়ার কথা বলে এয়ারলাইন্স দু’টি তাকে বিমানে নিতে অস্বীকার করে। পরে কিডনি অচল হয়ে মারা যান ভিলমা। গত অক্টোবর মাসে এ ঘটনা ঘটে। ভিলমার ওজন ছিল ১৯৩ কেজি। মৃত্যুর পর ভিলমার স্বামী ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে এয়ারলাইন্স দু’টির বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে ডেল্টা ও কেএলএম এয়ারলাইন্স বলেছে, তারা ভিলমাকে আমেরিকায় নেয়ার বিষয়ে সব ধরনের চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে শারীরিকভাবে বিমানে তোলা সম্ভব হয়নি।—সিবিএস নিউজ