দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অ্যামনেস্টির অভিযোগ

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধ ৬৫ বছরের পুরানো একটি নিরাপত্তা সংক্রান্ত আইন অপব্যবহারের অভিযোগ তুলেছে। সংগঠনের ৪০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে প্রেসিডেন্ট লী মিয়াং বাক ক্ষমতা নেয়ার পর ন্যাশনাল সিকিউরিটি ল (এনএসএল) এর ব্যবহার আশংকাজনকহারে বেড়েছে। অ্যামনেস্টি জানায়, কর্তৃপক্ষ ২০০৮ সাল থেকে সরকারের বিশেষ করে উত্তর কোরীয় নীতির বিরোধিতাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ আইন খেয়াল খুশিমত ব্যবহার করছে। অ্যামনেস্টির পূর্ব এশিয়া বিষয়ক গবেষক রাজীব নারায়ণ বলেন, ‘সরকারের বিরুদ্ধে সমালোচনা বন্ধে এনএসএল ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। ন্যাশনাল প্রসিকিউটর অফিসের উদ্ধৃতি দিয়ে মানবাধিকার সংগঠনের বিবৃতিতে বলা হয়, ২০০৮ সালে এ আইনের আওতায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছিল। এ বছর তা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৯০ তে। অনলাইনে পিয়ংইয়ংপন্থী বিবৃতি প্রকাশের অভিযোগে বেশিরভাগ মামলা হয়েছে। ২০০৯ সালে এ ধরনের বিবৃতি প্রকাশের জন্য ১৮টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল। তবে এ বছর অক্টোবর পর্যন্ত ১শ’ ৭৮টি ওয়েবসাইট ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। ১৯৪৮ সালে কোরীয় প্রজাতন্ত্রে এ আইন চালু হয়।