কাশ্মিরে তুষার ধসে ৩ পাকিস্তানি সেনা নিহত, নিখোঁজ ১৮ উদ্ধারকর্মী

পাকিস্তান শাসিত কাশ্মিরে তুষার ধসে শুক্রবার ৩ জন পাকিস্তানি সৈন্য নিহত এবং উদ্ধারকারী দলের ১৮ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৮ পাকিস্তানি সেনাও রয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। পার্বত্য নিলুম উপত্যকায় এই তুষার ধসের ঘটনাটি ঘটেছে। প্রথম তুষার ধসের পর নিখোঁজ সহকর্মীদের খোঁজে পাকিস্তানি সেনারা উদ্ধার তত্পরতা শুরু করলে দ্বিতীয় দফা তুষার ধসের ঘটনা ঘটে। - খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। কর্মকর্তারা জানিয়েছেন, বিরূপ আবহাওয়া ও কঙ্করযুক্ত ভূখণ্ডের কারণে উদ্ধার তত্পরতা ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীরা তুষার ধসে চাপা পড়া দু’টি দেহ উদ্ধার করার পরপরই দ্বিতীয় তুষার ধস হয়। পাকিস্তান শাসিত কাশ্মিরের প্রধান শহর মুজাফ্ফরাবাদ থেকে ৮০ দূরে ডানা তাজিয়ানে এই দুর্ঘটনাটি ঘটেছে।