আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে হামলা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে দুটি বিস্ফোরণ ও গুলিতে ৯ জন নিতে হয়েছে। নিহতদের ১ জন আফগান সৈন্য এবং অপর ৮জন হামলাকারী তালেবান বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ঐ ঘাঁটিতে ‘অনেকগুলো বিস্ফোরণ’ ঘটেছে বলে ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে। তালেবানের এক মুখপাত্র দাবি করেছেন, তাদের যোদ্ধারা রবিবার ভোর ৬টার দিকে যুক্তরাষ্ট্রের ঐ ঘাঁটি এলাকায় প্রবেশ করে লড়াই শুরু করে। তবে তাত্ক্ষণিকভাবে এ দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আফগানিস্তানে মোতায়েন যৌথবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জালালাবাদের ঘাঁটিতে অনেকগুলো বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত হয়েছি আমরা। ঘটনা খতিয়ে দেখার জন্য যৌথবাহিনীর কর্মকর্তারা সেখানে গেছে। শিগগিরই আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারব। নিরাপত্তা বাহিনী ঐ এলাকা ঘিরে রেখেছে বলে বিবৃতিতে জানানো হয়। প্রায় পাঁচজনের মতো আত্মঘাতী হামলাটি চালিয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আফগান পুলিশ কর্মকর্তারা। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দুই হামলাকারী ঘাঁটিটির বাইরের নিরপত্তা বেষ্টনিতে প্রথম হামলা চালায় বলে জানিয়েছেন ঐ পুলিশ কর্মকর্তারা। এরপর অপর তিন হামলাকারী ঘাঁটির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে লড়াই শুরু করে।