সংবাদ কণিকা
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ২১:০৫
মানচিত্র বিতর্কে চীন
সমপ্রতি চীনের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত অন্যান্য দেশের অংশগুলোকে নিজেদের দেশের মানচিত্রে দেখাতে শুরু করেছে চীন সরকার। এই নিয়ে ভারতের সঙ্গে বিতর্কও শুরু হয়েছে। নতুন ই-পাসপোর্ট দেয়ার সময় মানচিত্রে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়েছে চীন। এবার উত্তর চীন সাগর ও তার উপকূল সংলগ্ন অঞ্চলের অধিকারও নিজেদের বলে দাবি করছে চীন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা চীনের কাছে আবেদন জানিয়েছে এই কাজ বন্ধ করার জন্য।—এএফপি
আঙটি-বিভ্রাট
বিবাহ বিচ্ছেদের পরে বিয়ের আঙটি নিয়ে যুক্তরাষ্ট্রের টিভি তারকা কিম কারদাশিয়ান এবং তার প্রাক্তন স্বামী ক্রিসের মধ্যে শুরু হয়েছে গোলমাল। ক্রিস বিয়ের সময় কিমকে সাড়ে চার লাখ পাউন্ডের একটি আঙটি দিয়েছিলেন। কিন্তু মাত্র ৭২ দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ক্রিস দাবি করেন, সেই মহার্ঘ আঙটিটি যেন কিম তাকে ফেরত দেন। এই প্রস্তাবে নারাজ কিম। তাই শুরু হয়েছে মামলা।—এএফপি
নিলামে মিকি
বয়স হলো ৮৪ বছর। কিন্তু এখনও জনপ্রিয়তা কমেনি এতটুকু। তার প্রমাণ মিলল ক্যালিফোর্নিয়ার একটি নিলাম সংস্থায়। এক লক্ষ ডলার দামে বিক্রি হলো ১৯২৮ সালের মিকি মাউসের ছবির একটি রঙিন পোস্টার। ওয়াল্ট ডিজনির নিজের হাতে বানানো পোস্টারগুলোর মধ্যে একমাত্র এটিই বর্তমানে অবশিষ্ট রয়েছে।—বিবিসি
রাজপ্রাসাদ আবিষ্কার
প্রথম চীনা সম্রাট কিনশিহুয়াং-এর সমাধিস্থল থেকে আবিষ্কার হলো একটি রাজপ্রাসাদের ভগ্নস্তূপ। এক লক্ষ সত্তুর হাজার বর্গমিটার এলাকা জুড়ে এই প্রাসাদটি অবস্থিত। পুরাতত্ত্ববিদদের মতে ১২০৭ খ্রিস্টপূর্ব সময়কালে প্রাসাদটি নির্মিত হয়েছিল।—বিবিসি