উপসাগরে সৌদি জঙ্গি বিমান বিধ্বস্ত

সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধ বিমান উপসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে শুধু এর চালক ছিলেন। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিমানটি সৌদি আরবের জলসীমায় পড়েছে। চালকের খোঁজে তল্লাশি চলছে।’ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-কে এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার সন্ধ্যায় লেফটেন্যান্ট পাইলট ফাহাদ বিন ফালেহ্ আল-মাসারির নেতৃত্বে একটি নিয়মিত মিশন চলাকালে এই ‘দুর্ঘটনা’ ঘটে। পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত বাদশাহ আব্দুল আজিজ বিমান ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করে।