মিসরে গণভোট তদারক করবে বিচারিক পরিষদ

মিসরে প্রভাবশালী বিচারক সংগঠনের গণভোট বয়কটের মুখেও তা তদারক করতে রাজি হয়েছে দেশটির সর্বোচ্চ বিচারিক পরিষদ। সোমবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির এক সহযোগী একথা জানিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বর মিসরের নতুন খসড়া সংবিধানের ওপর গণভোট ডাকেন মুরসি। কিন্তু মুরসির সমর্থকদের ‘চাপে’ মিসরের সর্বোচ্চ সাংবিধানিক আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় আহূত গণভোট বয়কটের ডাক দেয় দেশজুড়ে বিচারকদের প্রতিনিধিত্বকারী এবং প্রভাবশালী সংগঠন ‘দ্য জাজেস ক্লাব’। এ পরিস্থিতির মধ্যেই সোমবার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মেনা বার্তা সংস্থা জানিয়েছে, বয়কটের এ ডাকের মুখেও সর্বোচ্চ বিচারিক পরিষদ (সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল) বলেছে, তারা গণভোট পর্যবেক্ষণ করতে প্রতিনিধি পাঠাবে।