এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে এবার এগার কেজি আটশত দশ গ্রাম ওজনের একটি মরা রুই মা মাছ উদ্ধার করা হয়েছে। উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের পুরা কপালী সুইচগেইট নামক এলাকার হালদা নদীর অংশ থেকে শনিবার বিকাল ৫টার দিকে মাছটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় ডিম সংগ্রহকারী হারুন ও আবুল কালাম প্রায় পৌনে তিন ফুট লম্বা মরা রুই মা মাছটিকে ভাসতে দেখে তা উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি তাদের উদ্ধার করা মাছটি আনতে বলে।
হালদার গবেষক ও চবির প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, ইঞ্জিন চালিত বোটের পাখার আঘাতের মা মাছটি মারা গিয়ে থাকতে পারে। উপজেলা মৎস্য অফিসার মো. আজহারুল আলম বলেন, উদ্ধার করা মা মাছটিতে আঘাতের যে দুটি চিহ্ন দেখা যাচ্ছে সে আঘাতে মাছটি মরার কথা না। হিট স্টোক করেও মাছটির মৃত্যু হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল মঙ্গলবার সকালের দিকেও হালদা নদীর খলিফাঘোনা এলাকা থেকে ৩৩ ইঞ্চি লম্বা একটি মরা মৃগেল মা মাছ উদ্ধার করা হয়েছিলো।
ইত্তেফাক/আরকেজি