ইরানে ভূমিকম্পে
আটজন নিহত
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:৩৪
ইরানের পূর্বাঞ্চলে বুধবার ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। ইরানের গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ভূমিকম্পে দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশের জোহান জেলার গ্রামগুলোতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার অনেক ঘর-বাড়ি ভেঙ্গে পড়েছে। আতঙ্কিত মানুষজন বাড়ি-ঘর ছেড়ে বাইরে আসলেও কেউ কেউ আটকাও পড়েছিল বলে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে।
ইরানের মেহের সংবাদ সংস্থাকে দক্ষিণ খোরাসান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলি আখুন্দি বলেন, “ভূমিকম্পে ওই এলাকায় আটজন নিহত হয়েছেন ও একজন নিখোঁজ রয়েছেন।” তিনি আরো বলেন, “বাড়ি-ঘরগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষজন বাইরে অবস্থান করছে। প্রচণ্ড ঠাণ্ডার কারণে তাদের নিজেদের উষ্ণ রাখা প্রয়োজন।” ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি ভূমিকম্প উপদ্রুত এলাকায় ১৫টি উদ্ধারকারী দল পাঠিয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে রয়েছে কি না তাই তারা খোঁজ করবেন।