মুরসির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান বিরোধীদের
আল জাজিরা, রয়টার্স, বিবিসি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:৩৭
নতুন সংবিধানের ব্যাপারে গণভোট পেছানোতে সম্মত না হওয়ায় মিসরের প্রেসিডেন্ট মুরসির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলি। প্রেসিডেন্ট মুরসি নিজের ক্ষমতা কমানো এবং বিতর্কিত সংবিধানের ব্যাপারে গণভোট প্রত্যাহার করতে রাজী হননি। এদিকে মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভবন সুরক্ষিত রাখতে আশপাশের এলাকা থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়াসহ বেষ্টনী দিয়ে প্রাসাদ ঘিরে রেখেছে রিপাবলিকান গার্ড বাহিনী। মুরসি এক টেলিভিশন ভাষণে তার সাম্প্রতিক সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি যখন টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন, তখন মুসলিম ব্রাদারহুডের কায়রো কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এক ডিক্রি জারী করে নিজ ক্ষমতা বাড়ানোর অভিযোগে অভিযুক্ত মুরসি তার বিরোধীদের প্রতি শনিবার সংলাপে বসার আহবান জানান ভাষণে। মুরসি বলেন, জনগণের ইচ্ছার প্রতি সবারই শ্রদ্ধা দেখাতে হবে। সহিংসতার মাধ্যমে কিছুই অর্জন করা যায় না, প্রয়োজন আলোচনার। তবে তার বিরোধীরা বিক্ষোভে অব্যাহত রেখেছে।
বুধবার কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে ইসলামপন্থিদের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত ও ৩৫০ জন আহত হয়েছে।
প্রেসিডেন্ট সমর্থক ইলামপন্থিরা সেখান থেকে সরে গেলেও বিরোধীরা প্রাসাদের সামনে আরো বিক্ষোভ করবে বলে জানায়। স্থানীয় সময় বিকাল ৩টার মধ্যে সমর্থক ও বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট প্রাসাদের সামনে থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রিপাবলিকান গার্ডরা। মিসরীয় সেনাবাহিনীর এ শাখাটির দায়িত্ব প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তা রক্ষা করা। এর আগে বৃহস্পতিবার রাজধানীতে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে ট্যাঙ্ক ও শসস্ত্র সেনা মোতায়েন করা হয়।