গুয়াতেমালায় আশ্রয় পেলেন না ম্যাক অ্যাফি
গুয়াতেমালা সিটি থেকে রয়টার্স
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:৩৯
অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের দিকপাল জন ম্যাকঅ্যাফিকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে গুয়াতেমালা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করে গুয়াতেমালার পুলিশ। প্রতিবেশী রাষ্ট্র বেলিজেই তাকে ফেরত পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বেলিজে বসবাসকারী ম্যাকঅ্যাফিকে একটি হত্যাকাণ্ডের ব্যাপারে স্থানীয় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে জানার পর থেকে তিনি আত্মগোপন করেন এবং পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র গুয়াতেমালায় চলে যান। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। বর্তমানে বুকের ব্যথার জন্য হাসপাতালে রয়েছেন ম্যাকঅ্যাফি। তিনি বরাবরই ওই হত্যাকাণ্ডে জড়িত নন বলে দাবি করে আসছেন।
মঙ্গলবার তিনি বেলিজের সীমান্ত পার করে গুয়াতেমালায় প্রবেশ করেন। গুয়াতেমালার স্বরাষ্ট্রমন্ত্রী মাউরিসিও লোপেজ বোনিলা বলেছিলেন, “তিনি এই দেশে বেআইনিভাবে প্রবেশ করেছেন। তার অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে।” ম্যাকঅ্যাফির বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নেই। বেলিজের পুলিশ জানিয়েছে, একটি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছি মাত্র। তিনি আমাদের প্রধান সন্দেহভাজনও নন। গ্রেপ্তারের পর ম্যাকঅ্যাফিকে অভিবাসন কর্মকর্তারা ও পুলিশের একটি ছোট দল প্রহরা দিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।