পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৩ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত একটি অঞ্চলে বৃহস্পতিবার সকালে একটি কম্পাউন্ডে মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় কমপক্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান। উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ’র ২০ কিলোমিটার পূর্বে মিরআলী মুবারকশাহী গ্রামের একটি বাড়িতে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালালে তারা নিহত হয়। এ অঞ্চল আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের একটি শক্তিশালী ঘাঁটি। উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীর এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘জঙ্গিরা এই বাড়ি তাদের আস্তানা হিসেবে ব্যবহার করছিল। এই ড্রোন হামলায় কমপক্ষে তিন জঙ্গি নিহত হয়।’ মিরানশাহ’র অপর একজন নিরাপত্তা কর্মকর্তা এই হামলার খবর নিশ্চিত করে জানান, এতে চার জঙ্গি নিহত হয়। উল্লেখ্য, পাকিস্তানের জনগণ মার্কিন ড্রোন হামলার ঘোর বিরোধী। সার্বভৌমত্ব লঙ্ঘন করে এসব হামলা চালানোয় দেশটির সরকারও ড্রোন হামলার কঠোর সমালোচনা করে আসছে। তবে মার্কিন কর্মকর্তারা মনে করে উগ্রবাদী ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে এটি তাদের প্রধান অস্ত্র।