কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে ইসরাত (৪) ও রুনা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে। বিকাল ৫টায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে নিহতদের পরিবার।
নিহত ইসরাত জাহান ওই গ্রামের আনোয়ার হোসেন মুন্সির মেয়ে। তিন বোনের মধ্যে সে সবার ছোট। রুনা আক্তার মকবুল হোসেন মুন্সির মেয়ে। দুই ভাইয়ের মাঝে একমাত্র বোন সে।
আরও পড়ুন: তিন বছর বয়সে কোরআন মুখস্ত করে শ্রীলঙ্কায় হামলার মূল হোতা
একই পরিবারের সদস্য এবি কুদ্দুস মুন্সি জানান, বাড়িতে ধানের কাজ নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন বিকাল ৪টার পর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পর বিকাল ৫টার দিকে পুকুর পাড়ে তাদের জুতা দেখে পুকুরে ঝাঁপিয়ে পড়ে পরিবারের সদস্যরা। অনেক খোঁজা খুঁজি করে প্রথমে রুনা আক্তারের ও পরে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
ইত্তেফাক/জেডএইচ