চাঁদে বেড়াতে যাবে মানুষ
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২০:১৩
আগামী ১০ বছরে আবার চাঁদের মাটিতে পা পড়বে মানুষের। তবে এবার কোনো গবেষণা বা পরীক্ষা নয়, গাঁটের টাকা খরচ করে স্রেফ বেড়াতে যাবে মানুষ। এমন আয়োজনে তোড়জোড় শুরু করেছে গোল্ডেন স্পাইক নামের একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
গত শতকের ষাটের দশকের পর আবার চাঁদে নামার সুযোগ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের এই ব্যক্তি-মালিকানাধীন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কয়েকজন সাবেক কর্মকর্তা মিলে গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি। রয়টার্স জানায়, গোল্ডেন স্পাইক নামের এ প্রতিষ্ঠানটি ১৪০ কোটি মার্কিন ডলার দামের টিকিটের বিনিময়ে চাঁদে পাঠাবে মানুষ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রথমবার দু’জনকে চাঁদে পাঠানোর পরিকল্পনার কথা জানান গোল্ডেন স্পাইকের প্রতিষ্ঠাতা অ্যালেন স্টার্ন।
গোল্ডেন স্পাইকের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তিতে তৈরি রকেট ও ক্যাপসুলের মতো মহাকাশযানের মাধ্যমে চলতি দশকের মধ্যে চাঁদে মানুষ পাঠানো হবে। রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কয়েকটি ব্যক্তি-মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যবসা হিসেবে মহাকাশে ভ্রমণ নিয়ে কাজ শুরু করছে। এর মধ্যে একটি হচ্ছে গোল্ডেন স্পাইক। এ ছাড়া রয়েছে স্পেস এক্স, ভার্জিন গ্যালাকটিক ইত্যাদি। অ্যালেন স্টার্ন জানান, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশগুলোকে মহাকাশ গবেষণায় বিনিয়োগেরও সুযোগ দেবে গোল্ডেন স্পাইক। চাঁদে ভ্রমণের সুযোগ হিসেবে ২০ বারের বেশি নভোযান পাঠানোর পরিকল্পনা রয়েছে গোল্ডেন স্পাইকের।